কুষ্টিয়ার মিরপুর থানায় করা বিয়ের লোভ দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে স্কুলছাত্রীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজিব তার বাড়িতে গিয়ে ধর্ষণ করেন। এরপর বিয়ে করবে বলে লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়ের অস্বীকৃতি জানালে ভুক্তভোগী কিশোরী গত ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
তদন্ত শেষে মিরপুর থানার এসআই মুরাদুল ইসলাম ৩০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা (অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড) দিয়েছে।
প্রতিনিধি/এলএ




