কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযানে নামে। পরে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা বোটটি শনাক্ত করে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধার করা ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের জরুরি সহায়তা দিতে কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এমআই




