রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে শওকত নামে এক রোহিঙ্গা যুবক গ্রেফতার হয়েছেন। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে পীরগঞ্জে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক। এর আগে সোমবার বিকেলে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে গেলে সন্দেহ হওয়ায় শওকতকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শওকত নিজেকে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে ভোটার হতে নির্বাচন কার্যালয়ে আসেন। এ সময় তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বেশ কিছু কাগজপত্র জমা দেন। তবে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তার কথাবার্তায় নির্বাচন কর্মকর্তাদের সন্দেহ হয়। তার দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার মিল না থাকায় তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শওকত জানান, ভোটার হওয়ার জন্য তিনি কক্সবাজারের টেকনাফ থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পীরগঞ্জে এসেছেন। ওই ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলে এখানে নিয়ে আসেন। পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে নিয়ে যান। পরে তাকে সেখানে রেখে চলে যান। যাওয়ার সময় নিজের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও শওকতের ফোন থেকে মুছে দেন বলে তিনি দাবি করেন।
এ কারণে ওই ব্যক্তির নাম-পরিচয়, ঠিকানা বা বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সে বিষয়ে শওকত কোনো তথ্য দিতে পারেননি। পরে নির্বাচন কর্মকর্তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টেকনাফ থেকে একজন স্থানীয় ব্যক্তির মাধ্যমে ওই যুবক পীরগঞ্জে এসেছেন ভোটার হওয়ার জন্য। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এআর




