মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২৬ বছর শিক্ষকতা শেষে স্কুলশিক্ষকের রাজসিক বিদায়

উপজেলা প্রতিনিধি, মিরসরাই, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ এএম

শেয়ার করুন:

২৬ বছর শিক্ষকতা শেষে স্কুলশিক্ষকের রাজসিক বিদায়
শিক্ষক সজল কান্তি নাথের বিদায় সংবর্ধনা

২৬ বছর যাবৎ হাতে ছিল চক-ডাস্টার, সামনে ছিল অসংখ্য শিক্ষার্থী। অবশেষে নানা আয়োজনের মধ্য দিয়ে মানুষ গড়ার কারিগর শিক্ষক সজল কান্তি নাথ বিদায় নিলেন কর্মজীবন থেকে। তার বিদায়ের দিনে আবেগঘন হয়ে উঠেছিল মিরসরাই উপজেলার জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে এই বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সজল কান্তি নাথ। দীর্ঘ ২৬ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান শেষে অবসরজনিত বিদায় নিলেন তিনি। সকালে শেষবারের মতো বিদ্যালয়ে হাজিরা দেন এবং শিক্ষার্থীদের শেষ পাঠদান করেন। এরপর আয়োজন করা হয় রাজসিক বিদায়ী সংবর্ধনা।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন সহকারী শিক্ষক সুব্রত বড়ুয়া, হেড মাওলানা আনোয়ার হোসেন, টুইংকেল বড়ুয়াসহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।

Teacher-Farewel

বিদায়ের শেষ মুহূর্তে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন প্রিয় শিক্ষক সজল কান্তি নাথ। স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানান। অনেক শিক্ষার্থীকে এ সময় কান্না করতে দেখা গেছে।

সবচেয়ে আবেগঘন দৃশ্য তৈরি হয় বিদ্যালয় ছাড়ার পর। সজল কান্তি নাথকে বহনকারী গাড়ির পেছনে পেছনে বিদ্যালয় থেকে তার বাড়ি পর্যন্ত ছুটে যায় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন ভালোবাসার দৃশ্য আবেগাপ্লুত করে তুলেছিল এলাকাবাসীদেরও।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর