অন্যদিনের মতো সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেদিন আর স্কুলে যাওয়া হয়নি। দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় চাচাতো ভাই-বোন আলী জিবান (৮) ও রাহমা (৬)।
বিকেলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে।
জিবান গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এবং রাহমা একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার তারা বিদ্যালয়ে যায়নি। দুপুরের দিকে পরিবারের অগোচরে বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে কোনোভাবে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বিকেলে স্বজনরা খোঁজাখুঁজির সময় পুকুরের পানিতে তাদের নিথর দেহ দেখতে পান। উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের চাচা মিজান মিয়া বলেন, দুপুরের দিকে তারা বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়।
গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রন্টু রঞ্জন চন্দ্র বলেন, জিবান ও রাহমা বিদ্যালয়ে নিয়মিত আসত। তবে সোমবার তারা স্কুলে আসেনি। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বাড়িতে ছুটে যান। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার ওসি শেখ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, দুই শিশুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এএইচ




