শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগড় এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল (৩৬) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজুর রহমান রাসেল জামালপুর জেলা শহরের পাথারিয়া গজপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভাগলগড় এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহটি থানায় নেওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




