সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২০ দিন ধরে নিখোঁজ শিশু, সন্তানের অপেক্ষায় বাবা-মা

জেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

২০ দিন ধরে নিখোঁজ শিশু, সন্তানের অপেক্ষায় বাবা-মা
নিখোঁজ শিশু সন্তানের জন্য মায়ের আহাজারি। ছবি: ঢাকা মেইল

সন্তান কোথায়, কেমন আছে জানেন না বাবা-মা। এমনকি তাদের দুই বছরের মেয়ে মিম আক্তার বেঁচে আছে কি না- সেটিও নিশ্চিতভাবে জানতে পারেননি তারা। মেয়েকে ফিরে পাওয়ার আশায় ২০ দিন ধরে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।

পরিবারের অভিযোগ, পরিচিত এক ভাড়াটিয়া শিশুটিকে নিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মিমের বাবা শাহিন আলম ও মা রাবেয়া বেগম দুজনই পোশাক কারখানায় কাজ করেন। তারা আশুলিয়ার বাইপাইলের আলফা গেটসংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন। কাজের সময় তারা মিমকে বাসায় রেখে যেতেন।

পরিবারের ভাষ্য, গত ৮ সেপ্টেম্বর কর্মস্থলে যাওয়ার সময় মিমকে বাসায় রেখে যান তারা। পরে জানতে পারেন, বাসার আরেক ভাড়াটিয়া শিশুটিকে নিয়ে চলে গেছেন। ঘটনার পর বাসার আশপাশের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির সঙ্গে মিমকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে বলে দাবি পরিবারের। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেয়েটির সন্ধান পাননি বাবা-মা। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

মিমের মা রাবেয়া বেগম বলেন, মেয়েটা কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। প্রতিদিন মনে হয়, আজ হয়তো মেয়েকে ফিরে পাব। কিন্তু ২০ দিন হয়ে গেল, এখনো কোনো খবর নেই।

বাবা শাহিন আলম বলেন, মেয়েকে উদ্ধারের জন্য তিনি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। মিমকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশায় এখনো অপেক্ষা করছেন তিনি।

মিমের নিখোঁজের ঘটনায় এলাকায়ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেশীরা শিশুটিকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডেও নেওয়া হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তবে এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর