পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করছেন বাস-মিনিবাস শ্রমিক ও চালকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, ঘটনার সময় ইজিবাইকচালকেরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচলে বাধা দেন এবং কয়েকটি বাস আটকে রাখেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ পরিস্থিতি চলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শ্রমিকেরা।
সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কর্মস্থল, চিকিৎসা ও জরুরি কাজে দূরবর্তী এলাকায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে। বাস না পেয়ে অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মহাসড়কে বাস আটকে রাখা এবং মহাসড়কে অবৈধভাবে ইজিবাইক চলাচলের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, চলমান পাঁচ রুটের বাস ধর্মঘট অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রশাসনের কাছে উত্থাপিত দাবি মেনে নেওয়া না হলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন। মহাসড়কে ইজিবাইকের এ ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যায় না। আমাদের সব দাবি প্রশাসনকে জানিয়েছি।
তিনি আরও বলেন, আজ বেলা ১২টায় বাস-মিনিবাস মালিক গ্রুপের জরুরি সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
প্রতিনিধি/এলএ




