সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্ত্রীকে ভারতে পাচারের দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

স্ত্রীকে ভারতে পাচারের দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রীকে ভারতে পাচারের মামলায় জাহিদ শেখ (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় জাহিদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে আলফাডাঙ্গার এক নারীর সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার যুবক জাহিদের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ তাকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যান এবং পরে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর ওই নারীকে ভারতে পাচার করে দেওয়া হয় এবং সেখানে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়।

পরে কেরালা পুলিশ ওই নারীকে উদ্ধার করে। আইনজীবীর সহায়তায় তিনি দেশে ফেরেন।

এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে ২০১৬ সালের ৫ মার্চ জাহিদসহ ছয়জনের বিরুদ্ধে মানব পাচারের মামলা করেন। তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত একই আইনের অপর একটি ধারায় জাহিদকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে দুটি সাজা একসঙ্গে ভোগ করতে হবে।

মামলার অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, জাহিদ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর