সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১০ বছর বয়সী শিশুকে বোন-দুলাভাইয়ের ‘অপহরণ’, মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

১০ বছর বয়সী শিশুকে বোন-দুলাভাইয়ের ‘অপহরণ’, মুক্তিপণ দাবি
অভিযুক্ত দুলাভাই / ছবি: ঢাকা মেইল

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তফাদিয়ায় রাসেল নামে ১০ বছর বয়সী আপন ভাইকে অপহরণের অভিযোগ উঠেছে বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে। শুধু অপহরণই নয়, তাকে জীবিত ফেরত পেতে বৃদ্ধ বাবা-মার কাছে মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে একমাত্র ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছেন এই দম্পতি।

অপহৃত শিশু রাসেল কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের শামীম মৃধার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন শামীম মৃধা। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরিবারটিতে চরম আর্থিক অনটন নেমে আসে। ২৩ সেপ্টেম্বর ঢাকার কমলাপুর স্টেশন এলাকা থেকে কৌশলে শিশুপুত্র রাসেলকে ছিনিয়ে নিয়ে যান তার বোন সুরাইয়া ও তার স্বামী আকাশ। 

এরপর থেকেই বিভিন্ন মোবাইল নম্বর থেকে শামীম মৃধাকে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন। টাকা না পেলে শিশু রাসেলকে চিরতরে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় অবস্থা বাবা শামীম মৃধা ও মা নাজমা বেগমের।

কান্নাজড়িত কণ্ঠে শামীম মৃধা বলেন, ছয়টি মেয়ের পর আল্লাহ আমাকে একটিমাত্র ছেলে সন্তান দিয়েছেন। সেই ছেলেটাকেই জিম্মি করে কোথায় রেখে দিয়েছে জানি না। মাঝেমধ্যেই ফোনে টাকার জন্য চাপ দিচ্ছে আর ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

অসহায় এই পরিবারটি শিশু সন্তানকে সহিসালামতে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা প্রার্থনা করেছেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শামীম মৃধা অত্যন্ত সহজ-সরল মানুষ। অসুস্থতার কারণে বর্তমানে তার উপার্জন বন্ধ। এমন পরিস্থিতিতে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। এলাকাবাসী অনতিবিলম্বে অপহৃত শিশুকে উদ্ধার এবং অভিযুক্ত বোন ও দুলাভাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে ২৫ সেপ্টেম্বর কমলাপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমাদের জানা আছে এবং আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। উদ্ধার প্রক্রিয়া সফল না হলে বা দ্রুত সমাধান না এলে আনুষ্ঠানিকভাবে মামলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর