সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলছে আগুন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলছে আগুন
জামে মসজিদের জন্য গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ নির্গমন হয়

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি জামে মসজিদের জন্য গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে নির্গত পদার্থটি প্রকৃতপক্ষে প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দর্শাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দর্শা নদীর পাড়ে একটি জামে মসজিদের ব্যবহারের জন্য গত কয়েক দিন ধরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। নলকূপের পাইপ বসানোর জন্য মাটির গভীরে খননকাজের একপর্যায়ে নিচ থেকে গ্যাসের মতো পদার্থ বের হতে দেখা যায়। একইসঙ্গে পানিতে বুদবুদ সৃষ্টি হতে দেখা যায়। 

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেন। 

স্থানীয় শেখ ফরিদ বলেন, প্রায় ৫-৬ দিন আগে নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। এ সময় মাটির নিচ থেকে বুদবুদ সৃষ্টি হতে দেখা যায়। পরে বিকল্প উপায়ে আগুন ধরিয়ে তা পরীক্ষা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান।

এ বিষয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মানিক মিয়া বলেন, সম্ভবত মাটির নিচে ময়লার স্তূপ বা জৈব পদার্থ জমে থাকার কারণে মিথেন গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। এ ধরনের গ্যাসের চাপ ধীরে ধীরে কমে যেতে পারে। 

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী এবং হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল। 

পরিদর্শন শেষে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানটি আপাতত নিরাপদ বেষ্টনীর মধ্যে রাখার নির্দেশ দেন ইউএনও। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে বিষয়টি পর্যবেক্ষণে রেখে বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ জানান, গত শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনের পর থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর