সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর মিলল বাবার মরদেহ

জেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর মিলল বাবার মরদেহ
হেলালউদ্দিনের মরদেহ। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চার দিন পর হেলালউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তান সজীব, সামিয়া ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা নদীর শাখা মারিখালী নদীর রতনপুর ব্রিজ এলাকা থেকে ভাসমান অবস্থায় হেলালউদ্দিনের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, হেলালউদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্যদিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের উদ্ধার অভিযান শেষ হলো।

এর আগে শনিবার সকালে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদী থেকে ভাসমান অবস্থায় সজীব, সামিয়া ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার বিকেলে সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ দুর্ঘটনার পর রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদ চৌধুরী বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে আসছিল। সোমবার হেলালউদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্যদিয়ে অভিযান শেষ হয়েছে।

হেলালউদ্দিনের বোনজামাই মোক্তার হোসেন বলেন, পুলিশের কাছ থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। দাফনের জন্য মরদেহটি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর