লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইকে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল। আটটার দিকে ঘুন্টিবাজার এলাকায় আসার পর পেছন থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে আঘাত করে। একই সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকানে উঠে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর একজন এবং রংপুরে মেডিকেলে নেওয়ার পথে মারা যান ট্রাকের চালক। আহত হন আরও অন্তত পাঁচজন। তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পরে স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র অটোচালকের নিহত হওয়ার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। তার ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পুলিশের সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তথ্য যাচাই চলছে।’
প্রতিনিধি/এমআর




