যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মাহমুদুল হাসান (৪) ও আবু হুরাইরা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের ঢালীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান যশোর সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে। আবু হুরাইরা ফুলসারা গ্রামের আরিফ হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ির পাশে একসঙ্গে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা একজনকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে খোঁজাখুঁজি করে অপর শিশুকেও উদ্ধার করা হয়।
অচেতন অবস্থায় দুজনকে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
প্রতিনিধি/এসএস




