রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, বাদীকে কারাগারে পাঠালেন আদালত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, বাদীকে কারাগারে পাঠালেন আদালত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের অভিযোগে করা একটি মামলা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)–এর অধিকতর তদন্তে মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবেদন দেওয়ার পর মামলার বাদী মোছা. লাবলী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ লাবলী আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের লাবলী আক্তার (২৮) একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু মামলা নম্বর ৯৩/২০২৫ হিসেবে রেকর্ড হয়।

মামলার অভিযোগে লাবলী বলেন, ২০২৫ সালের ১৪ মার্চ সাদ্দাম হোসেন তাকে নুরুল ইসলামের ভুট্টাখেতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

c1343056-7170-4edc-8d46-80fcb3bf5b37

পরে মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযোগটি মিথ্যা বলে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, পূর্বশত্রুতার জেরে একটি কুচক্রী মহলের প্ররোচনায় সাদ্দাম হোসেনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশে ধর্ষণের ঘটনা সাজিয়ে মামলাটি করা হয়েছে।

পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদী। পরে ট্রাইব্যুনাল মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই, ঠাকুরগাঁওকে নির্দেশ দেন।

পিবিআইয়ের অধিকতর তদন্তেও অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর ট্রাইব্যুনাল পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে সাদ্দাম হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেন।

ec4ba93c-6f8e-4769-b21e-9d76a5e3d730

একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে লাবলী আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭(১) ধারায় অপরাধ আমলে নেন আদালত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।

রোববার লাবলী আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর