সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় মেহেদী হাসান (২৫) নামের এক আসামিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতাপনগরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নিতীশ বিশ্বাস বলেন, মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসানকে রোববার সন্ধ্যায় তার বাড়ি থেকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের প্রস্তুতি চলছে।
মামলার বাদী মারুফ বিল্লাহ বলেন, ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশের পর ২৩ সেপ্টেম্বর থানায় মামলা করা হয়। পরে মামলার অন্যতম আসামিকে পুলিশ আটক করেছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে প্রতাপনগর পশ্চিম মাথার বিট হাউস মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। দোকানটি ভাড়া নিয়ে ‘মহিব টেলিকম অ্যান্ড স্টোর’ নামে ব্যবসা পরিচালনা করেন মারুফ বিল্লাহ। দোকানের পেছনেই আজিজুর রহমানের বাড়ি।
মারুফ বিল্লাহর অভিযোগ অনুযায়ী, ঘটনার এক দিন আগে ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশে টাকা লেনদেন নিয়ে তার ছোট ভাই মহিবুল্লাহর সঙ্গে মেহেদী হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেহেদী তার ভাইকে দোকান থেকে বাইরে নিয়ে গিয়ে মুঠোফোন নিয়ে নেন। এ সময় দোকানে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মারুফ বিল্লাহ বলেন, ১৯ সেপ্টেম্বর রাত সোয়া নয়টার দিকে তার ছোট ভাই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত দেড়টার দিকে স্থানীয় লিয়াকত আলী ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। পরে তার ছোট ভাই, বাবা আজিজুর রহমান, মা মাহমুদা খাতুনসহ স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
আগুনে দোকানে থাকা প্রায় ছয় লাখ টাকার বৈদ্যুতিক মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন মারুফ বিল্লাহ। একই সঙ্গে গ্রাহকদের কাছে পাওনা প্রায় দুই লাখ ২০ হাজার টাকার হিসাবের খাতাও পুড়ে যায় বলে জানান তিনি।
মামলায় মেহেদী হাসান ছাড়াও মো. আরাফাত হোসেন, মো. আবুজার, মো. রাজা হোসেন ও মো. হাবিবুল্লাহ এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মারুফ বিল্লাহর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে দোকানে আগুন দিয়ে থাকতে পারেন। পুলিশ বলছে, এসব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে গাজী আরেফিন বলেন, আগুনে দোকানের পাশাপাশি তাদের বাড়ির আশপাশের খেজুর, তেঁতুল, আম ও কলাগাছ এবং কবুতরের ঘরেরও ক্ষতি হয়েছে।
প্রতিনিধি/এসএস




