রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘বিরোধী দল লং মার্চ করে সরকার পতনের কথা বলছে, আ.লীগের সুরে কথা বলছে’

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

‘বিরোধী দল লং মার্চ করে সরকার পতনের কথা বলছে, আ.লীগের সুরে কথা বলছে’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিরোধী দল আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লং মার্চ করে ‘এই মুহূর্তে সরকারের পতন ঘটাব’ বলছে এবং দ্রুত এক দফার ঘোষণা দেওয়ার কথা বলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির উদ্যোগে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘কিসের এক দফা, কিসের সরকারের পতন? আওয়ামী লীগের সুরে বিরোধী দল কথা বলে।’

তিনি দাবি করেন, গত সাত মাসে বিএনপির কোনো সংসদ সদস্য কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেননি। তার ভাষায়, তাহলে ‘কেন এই উশৃঙ্খল আন্দোলন’?

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দল আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন।’

সব আন্দোলন, আলোচনা, সমস্যা ও ভুলত্রুটির কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিএনপির এমপির নেতৃত্বে মবতন্ত্র কায়েম করা হয়েছে: আসিফ মাহমুদ

আহমেদ আযম খান বলেন, সরকার বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। তিনি বিরোধী দলকে ‘বিরোধিতার খাতিরে বিরোধিতা’ এবং ‘জ্বালাও-পোড়াওয়ের’ রাজনীতি বাদ দিয়ে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান।

আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখনও সরকারকে শান্তিতে থাকতে না দেওয়ার কথা বলা হয়েছিল। তার দাবি, বর্তমান বিরোধী দলের কর্মকাণ্ডেও একই ধরনের ‘অস্থিতিশীল করার পাঁয়তারা’ দেখা যাচ্ছে।

বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যে আসনগুলো পেয়েছেন, ধরে রাখার চেষ্টা করেন। নইলে এই ধরনের উসকানিমূলক কথা বললে, এভাবে অযথা লং মার্চ করলে, এক দফার আন্দোলনের কল্পকাহিনি বললে আগামী দিনে মানুষ কিন্তু ওই কয়টা আসনও দেবে না।’

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর ‘মানি না, মানব না’ এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনীতি করার সময় এসেছে।

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর-নবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর