রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে খাদেমুল ইসলামের মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে খাদেমুল ইসলামের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও জেলা সহসভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম, মুহাম্মাদ আনোয়ার হোসেন এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র দাখিলের পর খাদেমুল ইসলাম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইনে বিশ্বাসী। যারা শরিয়ার পক্ষে আছেন, বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা আমাকে সমর্থন ও ভোট দেবেন বলে বিশ্বাস করি।’

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অত সহজ নয়। আমরা বরাবরই দেখেছি, নির্বাচিত সরকার তাদের প্রার্থীকে জয়ী করতে যত ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, তা গ্রহণ করে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিরোধী দল আছে, এটি সরকারি গৃহপালিত একটি দল। এই দুই দল এবার মাঠে থাকায় নির্বাচন নিয়ে আমাদের একটি শঙ্কা রয়েছে।’

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর