রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

বরগুনায় স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেফতার
অভিযুক্ত ফয়সাল।

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৮।

এসআরবি-৮ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বেতাগীর একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ফয়সাল তার প্রতিবেশী ও আত্মীয়। পুলিশের ভাষ্য, ফয়সাল বিভিন্ন সময় ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন ওই শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

মাদারীপুরে স্কুলে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।

এসআরবি-৮ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করা হয়। অভিযুক্তরা আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান অভিযুক্ত ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮ এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, বরগুনায় স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর