রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি, স্বাস্থ্য সনদ ছাড়া মিষ্টি উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে খাদ্যপণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্য তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে বাবুল বিশ্বাসের প্রতিষ্ঠান বিশ্বাস বীজ ভান্ডারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া স্বাস্থ্য সনদ ছাড়া মিষ্টিজাতীয় সামগ্রী উৎপাদন এবং পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে জিয়া উদ্দিনের জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা এবং সাহিবুল ইসলামের সিরাজ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটালিয়নের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর