রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় নবম শ্রেণির ছাত্রী অপহরণ, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় নবম শ্রেণির ছাত্রী অপহরণ, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

গাইবান্ধায় অপহরণের শিকার নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রংপুর মহানগরের কাতলা কাছনা এলাকা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গাইবান্ধার বারবলদিয়া (নতুন বন্দর) এলাকার টিপু মিয়া (২৫), আলী আকবর (৫০), বিপুল মিয়া (২৭) ও বেলাল মিয়া (৩০)। তাদের মধ্যে টিপু মিয়া মামলার প্রধান আসামি বলে জানিয়েছে এসআরবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এজাহারের অভিযোগ অনুযায়ী, স্কুলে যাতায়াতের সময় টিপু মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে টিপুর পরিবারকে জানানো হয়।

আরও পড়ুন

২৭ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

এজাহারে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে রুপার বাজার এলাকা থেকে টিপু মিয়া ওই কিশোরীকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।

এসআরবি জানায়, কিশোরীকে উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হয়। এর ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে গাইবান্ধার বারবলদিয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে আলী আকবর, বিপুল মিয়া ও বেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ছয়টার দিকে রংপুর মহানগরের কাতলা কাছনা (বোতলা পাড়া) এলাকায় সুমন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে কিশোরীকে উদ্ধার এবং টিপু মিয়াকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার আসামিদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর