রাজশাহীতে মো. বারিউল ইসলাম (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে নগরের ডিঙ্গাডোবা এলাকার বাকিরের মোড়ে এ ঘটনা ঘটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত বারিউল ওই এলাকার বদরুল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক দিন ধরে বহিরাগত কয়েকজন যুবক বাকিরের মোড় এলাকায় মাদক বিক্রি করছিলেন। শনিবার বিকেলে এ নিয়ে তাদের সঙ্গে বারিউলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ওই যুবকেরা সেখান থেকে চলে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে প্রায় ৫০ জন ব্যক্তি বারিউলকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বারিউলকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, ‘মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি।’ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




