‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে বিশ্বজুড়ে পর্যটন খাতেও ব্যাপক পরিবর্তন আসছে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার পর্যটন শিল্পকে আরও আধুনিক, সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতে পারে। জয়পুরহাটের স্থানীয় পর্যটন সম্ভাবনাগুলো প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রতিনিধি/এসএস




