মুন্সিগঞ্জের লৌহজংয়ে নানা অনিয়ম ও ব্যবস্থাপনার অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সাথে অনিয়মের কারণে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার মালির অংক এলাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।
এ ছাড়া ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, রোগীদের অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা অনিয়মের কারণে ভোক্তার অর্থ, স্বাস্থ্য কিংবা জীবন ক্ষতির মুখে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিবসহ আরও অনেকে।
প্রতিনিধি/এএম




