কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি দল হোসনে আরা বকুলের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।
হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দীন বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতিনিধি/এএম




