পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পৃথক দুটি চর থেকে চার জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু মজনু বাহিনীর বিরুদ্ধে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারানী এলাকায় এ ঘটনা ঘটে।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে জেলেদের কয়েকজন মহাজন জানান, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ট্রলারে করে এসে জেলে বহরে হামলা চালায়। পরে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক চারটি নৌকা থেকে চারজনকে তুলে নিয়ে যায় তারা। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, একটি মাছ ধরার নৌকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।
তবে অপহরণের পর এখন পর্যন্ত কোনো মহাজনের কাছে মুক্তিপণ দাবি করে দস্যুরা যোগাযোগ করেনি বলে জানান মহাজনেরা।
অপহৃত চার জেলের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। তাদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায়। অপর জেলের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে ও মহাজনদের মধ্যে নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।
এসিএফ মো. শরিফুল ইসলাম বলেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। সুন্দরবনে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতে জেলেদের বন অফিসসংলগ্ন এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




