খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালকের দফতর থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের স্বাক্ষর রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৮১৮ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে, একজন খুলনা বিশেষায়িত হাসপাতালে, একজন আদ্-দ্বীন হাসপাতালে এবং একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে খুলনা জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরু থেকে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে এক হাজারের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিনিধি/এসএস




