শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে  ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসআরবি জানায়, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের পাশাপাশি তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়। তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানসেডের ওপর থেকে সাদা প্লাস্টিকের একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি কালো রঙের সিম্ফনি বাটন মোবাইল ফোন মো. ছিদ্দিকের কাছ থেকে এবং একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মো. ইয়াছিনের কাছ থেকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

আ. ম. ফারুক জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর