শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যুবদল নেতার মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

যুবদল নেতার মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদল নেতা কারাগারে
মোটরসাইকেল চুরির মামলায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতা।

নেত্রকোনার মদনে মোটরসাইকেল চুরির মামলায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকার একটি চায়ের দোকানের পাশের পরিত্যক্ত স্থান থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাজহারুল ইসলাম জয় ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার মো. সবুজ মিয়ার ছেলে। তিনি আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতারা।

মোটরসাইকেলের মালিক শামসুল হক চ্যাম্পিয়ন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে মদনের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের পাশে রেখে জানাজায় অংশ নেন। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি নেই।

আরও পড়ুন

শার্শায় আ.লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার

এ ঘটনায় শামসুল হক চ্যাম্পিয়ন অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।

মদন থানার ওসি সালাহউদ্দিন করিম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। ফুটেজে ওই যুবকের পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট শনাক্ত করা হয়। প্রোফাইলে থাকা একাধিক ছবি পর্যালোচনা করে সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে মিল পাওয়ার পর ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে জয়কে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ চুরির সঙ্গে জয় ছাড়াও একটি চক্র জড়িত। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার পুলিশের অভিযান চলছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই জয়কে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

 

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর