শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটি হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটি হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: ঢাকা মেইল

সংবিধান পরিবর্তন ছাড়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

তিনি জানান, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে যাতে চিরতরে ফ্যাসিস্টদের আবির্ভাব বন্ধ হয়, সেজন্য সরকার সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। 

একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান, তারা যেন সংসদে গঠিত কমিটিতে এসে তাদের বক্তব্য তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানান।

আঞ্চলিক উন্নয়ন ও কৃষির প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও জানান, এই অঞ্চলে একটি কৃষিভিত্তিক জোন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অঞ্চলগুলোর উৎপাদিত পণ্য সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং বিদেশে রপ্তানির সুবিধা বাড়াতে প্রধানমন্ত্রী সম্প্রতি একটি পরিকল্পনা অনুমোদন করেছেন।

জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিনসহ আরও অনেকে।

এর আগে প্রতিমন্ত্রী এলাকাটিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং পরবর্তীতে স্থানীয় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত সভায় যোগ দেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর