বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র্যালি হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ র্যালিটি শুরু হয়ে শহরের ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত গিয়ে আবার আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়।
নৌ র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের উচিত জনগণকে সাথে নিয়ে নদীর দখল-দূষণ দূর করা। সারাদেশে নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, নদী সুরক্ষায় ‘তরী বাংলাদেশ’-এর এই সামাজিক আন্দোলনে সবসময়ই পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আইনগত বাধা কাটিয়ে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, সারাদেশে নদী দখল-দূষণ রোধ করে পিলার স্থাপন করে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। আজকের এই নৌ র্যালির মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি- পুরো দেশের নদীর নাব্য ফিরিয়ে দিয়ে দেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার।
বর্ণাঢ্য এই নৌ র্যালিতে ‘তরী বাংলাদেশ’-এর বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন- বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্বব্যপী বিশ্ব নদী দিবস পালিত হয়। এবারের দিবস প্রতিপাদ্য হলো “No Forests, No Rivers, No Water, No Life” (বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই)।
প্রতিনিধি/এলএ




