শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালের বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধি

অনিকেত মাসুদ, বরিশাল
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

বরিশালের বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধি
বরিশালের বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বরিশালে সড়ক ও নৌপথে যাত্রীদের যাতায়াতের খরচ বেড়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে দূরপাল্লার পাশাপাশি বরিশাল বিভাগের অভ্যন্তরীণ অন্তত ৩৮টি রুটে নতুন বাসভাড়া কার্যকর হয়েছে। এর আগে ঢাকা-বরিশাল নৌপথসহ বিভিন্ন রুটে লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। এতে নিয়মিত যাতায়াতকারীসহ সাধারণ যাত্রীদের পরিবহন ব্যয় বেড়েছে।

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২৩টি এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করে। এ ছাড়া দুটি টার্মিনাল থেকে দেশের বিভিন্ন দূরপাল্লার রুটেও বাস চলাচল করে। নতুন হারে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিআরটিএ নতুন ভাড়ার তালিকা অনুমোদনের পর শুক্রবার সকাল থেকে তা কার্যকর করেন বাস মালিকরা। অভ্যন্তরীণ রুটে দূরত্বভেদে যাত্রীদের ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে।

a7ec8508-4f31-4a2a-8d6c-fd584fdfbd4a

দূরপাল্লার রুটেও একই হারে ভাড়া বাড়ানো হয়েছে। প্রায় ১৭০ কিলোমিটার দূরত্বের ঢাকা-বরিশাল সড়কপথে হিসাব অনুযায়ী ভাড়া প্রায় ২৯ টাকা বাড়ার কথা। এ রুটে প্রায় ৩০ টাকা ভাড়া বেড়েছে। অন্যান্য দূরপাল্লার রুটে গড়ে ১৫ থেকে ৭০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।

বরিশাল-ঝালকাঠি রুটের যাত্রী আবদুস সালাম বলেন, প্রতিদিন বিভিন্ন কাজে বাসে যাতায়াত করতে হয়। একবারে কয়েক টাকা বাড়তি মনে হলেও নিয়মিত যাতায়াতকারীদের মাস শেষে খরচ অনেক বেড়ে যায়। নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে পরিবহন ব্যয় বাড়ায় সাধারণ যাত্রীদের ওপরও চাপ পড়ছে।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, নথুল্লাবাদ টার্মিনাল থেকে চলাচলকারী সব রুটের ভাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ানো হয়েছে। বাসগুলোতে নতুন ভাড়ার তালিকা টানানোর কাজ চলছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় না করতে মালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Capture

রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সিকদার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ানো হয়েছে। সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ বেশি ভাড়া নিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লঞ্চেও বেড়েছে ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপরিবহনেও। ঢাকা-বরিশাল নৌপথে বর্তমানে ডেকের ভাড়া ৩০০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা এবং ডাবল কেবিন ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে।

ঢাকা-বরিশাল নৌপথে এর আগে সরকার নির্ধারিত ভাড়া ছিল ডেক ৪০৪ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ৬০০ টাকা ও ডাবল কেবিন ২ হাজার ৪০০ টাকা। নতুন সরকারি হারে তা বেড়ে যথাক্রমে ৪৬১, ১ হাজার ৮৪৫ ও ৩ হাজার ৬৯০ টাকা হয়েছে। তবে যাত্রী সংকটের কারণে লঞ্চ মালিকরা সরকার নির্ধারিত হারের চেয়ে কম ভাড়া নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে সরকারি হারের তুলনায় কম ভাড়া নেওয়া হলেও আগের তুলনায় যাত্রীদের খরচ বেড়েছে।

বরিশাল লঞ্চ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রহিম বলেন, লঞ্চে আগের মতো যাত্রী নেই। পদ্মা সেতু চালুর পর সড়কপথে কম সময়ে ঢাকা যাওয়া সম্ভব হওয়ায় নৌপথে যাত্রী কমেছে। একসময় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ৩৭টি রুটে লঞ্চ চললেও বর্তমানে কোনো রকমে সাতটি রুট চালু রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিচালন ব্যয়ও বেড়েছে।

তিনি বলেন, অভ্যন্তরীণ অনেক নৌরুটেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে। বরিশাল-ভোলা রুটে সরকারি ভাড়া ১৭৭ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ১৭০ টাকা নেওয়া হচ্ছে। বরিশাল-মেহেন্দীগঞ্জ রুটেও নির্ধারিত ভাড়ার চেয়ে ৭ টাকা কম নেওয়া হচ্ছে।

Capture

নগরীর নিয়মিত লঞ্চযাত্রী সাইফুল ইসলাম বলেন, বাস ও লঞ্চের ভাড়া বাড়ায় নিয়মিত যাতায়াতকারীদের মাসিক ব্যয় বাড়বে। আয় না বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধির চাপ সামলানো কঠিন।

আরেক যাত্রী শারমিন আক্তার বলেন, পরিবার নিয়ে কোথাও যেতে হলে আগে থেকেই যাতায়াতের খরচ হিসাব করতে হয়। বাস ও লঞ্চের ভাড়া বাড়ায় সেই ব্যয় আরও বাড়বে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় হচ্ছে কিনা, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন।

 

বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, লঞ্চ মালিকরা আগে থেকেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বর্তমানে আদায় করা ভাড়া সরকারি নির্ধারিত হারের চেয়ে কম। তবে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে আরটিএ বরিশালের সহকারী পরিচালক আতিকুর রহমানের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর