রাজবাড়ীর কালুখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামের এক প্রবীণ কৃষককে পিটিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তারের ভাষ্য অনুযায়ী, তার ছোট বোনের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদারের পরিবারের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে শুক্রবার সকালে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগম দলবদ্ধ হয়ে নজরুল ইসলামের পরিবারের ওপর চড়াও হন।
তিনি বলেন, হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কৃষক নজরুল ইসলাম খান এবং তার মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনাও গুরুতর আহত হন।
ঘটনার পরপরই পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি জব্দ করেছে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাপী বেগম নামের এক নারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এমএইচআর




