শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে দুই সহোদর ছাত্রলীগ কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে দুই সহোদর ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গ্রেফতার দুই সহোদর মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইফতি। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কোটচাঁদপুর স্টেশন এলাকায় তাদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই ভাই মোহাম্মদ ইশতিয়াক আহমেদ (২২) ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইফতি (২৩)। তারা কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর স্কুলপাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার বিকেলে রুদ্রপুর স্কুলপাড়া এলাকার দুই ভাই ইশতিয়াক আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইফতিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তারা কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য। এ ছাড়াও তারা বাংলাদেশ রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত ছিলেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক দুই ভাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোটচাঁদপুর পৌর শাখার সক্রিয় সদস্য। তারা সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ শাহিনের ঘনিষ্ঠ সহযোগী বলেও জানা গেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর