শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পুলিশ বক্সের সামনে দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

পুলিশ বক্সের সামনে দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল। ছবি: ঢাকা মেইল

শরীয়তপুর শহরের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জেলা শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাফিক পুলিশ বক্সের দিকে যায় বলে জানা গেছে। পরে মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ ও ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় সাজিদ মোল্লার মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।

মিছিলের বিষয়ে সাজিদ মোল্লার একটি ফেসবুক পোস্টেও বক্তব্য পাওয়া গেছে। ওই পোস্টে তিনি দাবি করেন, প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও মাথায় কাফন বেঁধে ‘টর্নেডোর মতো’ হঠাৎ মিছিল নিয়ে হাজির হওয়ার সক্ষমতা তাদের রয়েছে। 

একই পোস্টে তিনি দাবি করেন, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় মিছিলটি হয়েছে।

এদিকে মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া মো. সায়েম (১৮) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি শরীয়তপুরের পালং থানার হাজরাসার এলাকার মো. সাইদ আকনের ছেলে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, জুমার নামাজের সময় কয়েকজন মিলে শহরের পুলিশ বক্সের দিকে একটি মিছিল করেন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর