চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম এবং একই ইউনিয়নের তারাপুর-মোড়লপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ৩টার দিকে সাহাপাড়া বাজার সংলগ্ন একটি মার্কেটের পেছনে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন তিনি নিজেই। এ সময় রফিকুলের কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি আমেরিকার তৈরি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রফিকুল ও রুবেলকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
প্রতিনিধি/ এজে




