শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে হামের প্রকোপে মৃত্যু বেড়ে ১৭৬

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের প্রকোপে মৃত্যু বেড়ে ১৭৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে ১৮১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির বয়স ছয় মাস। সে হবিগঞ্জের বাসিন্দা এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাবার নাম মইনুল ইসলাম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৮২

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬২৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৭৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন চিকিৎসাধীন। এ ছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাসপাতালগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি রয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬৫ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ২২ ও চারজন, মৌলভীবাজারে ১৪ ও একজন এবং সুনামগঞ্জে ৬৫ ও একজন।

সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৬৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর