শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, শরীরে ছিটানো হয় মরিচের গুঁড়া

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, শরীরে ছিটানো হয় মরিচের গুঁড়া

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর তার চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন।

গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হন গৃহবধূ। টয়লেট থেকে বের হওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী পাঁচজন তার মুখ চেপে ধরে জোর করে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে মোস্তফার কৃষিজমির সেচপাম্পসংলগ্ন ড্রেনের দিকে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ভূমি কর্মকর্তার কারসাজির অভিযোগ, প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি

এজাহারে আরও বলা হয়, প্রায় এক ঘণ্টা পর অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে গৃহবধূর হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। পরে তার চিৎকার শুনে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। হাত-পায়ের বাঁধন খুলে পানি দিয়ে শরীর পরিষ্কার করার পর তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর। তারা স্থানীয় ভাষায় কথা বলছিলেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর