শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গোসলের পর আর বাড়ি ফেরা হলো না, খালে মিলল নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

শেয়ার করুন:

গোসলের পর আর বাড়ি ফেরা হলো না, খালে মিলল নারীর মরদেহ

জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। দীর্ঘ সময় পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় ঘটনাস্থলের পাশে তার ব্যবহৃত জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ একই পরিবারের ৪ জন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে বিপ্লব নামে স্থানীয় এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি গ্রামবাসীকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

3cb08444-a7c9-4dd6-8b8a-9af754338692

নিহতের ভাগিনা হেলাল খান বলেন, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান।

নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, ‘আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি গতকাল বাড়িতে ছিলাম না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। খালের পাড়ে তার ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়ে ছিল।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর