ফেনী জেলার কলেজ পর্যায়ে ‘গুণী শিক্ষক-২০২৬’ হিসেবে নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোর্শেদ হোসেন।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কলেজ, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায় থেকে একজন করে গুণী শিক্ষক নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের ফলাফল ও প্রয়োজনীয় প্রমাণপত্র যাচাই-বাছাই শেষে কলেজ পর্যায়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষক হিসেবে মোর্শেদ হোসেনকে গুণী শিক্ষক নির্বাচিত করে ফেনী জেলা শিক্ষা অফিস।
গুণী শিক্ষক নির্বাচনের মূল্যায়নে শিক্ষাগত যোগ্যতা, নৈতিকতা, শ্রেণিকক্ষে পাঠদানের দক্ষতা, সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, গবেষণা ও জার্নালে প্রকাশনা, পত্রিকায় লেখালেখি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড, সমাজ সংস্কারে অবদান এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি মানবিক সহায়তাসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়।
মোর্শেদ হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা কমিটির সহসাধারণ সম্পাদক, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফেনীর সমন্বয়কারী, সুনাগরিক ফোরাম ফেনীর প্রধান সমন্বয়কারী, ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সহসভাপতি এবং শমসের গাজী চর্চা কেন্দ্রের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি সম্মাননা-২০১৭, আউটস্ট্যান্ডিং সাকসেস অ্যাওয়ার্ড-২০২৫ এবং জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পদক পেয়েছেন। করোনা মহামারি ও ২০২৪ সালের বন্যার সময়ও তিনি মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ছিলেন।
ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর ঘোপাল ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া মোর্শেদ হোসেন নিজামপুর কলেজ থেকে আইএসসি, ফেনী সরকারি কলেজ থেকে অনার্স এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে সোনাগাজী এনায়েত উল্লাহ মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে কোম্পানীগঞ্জ জৈতুন নাহার কাদের মহিলা কলেজে শিক্ষকতা করেন। ২০১৫ সাল থেকে তিনি চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মোর্শেদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস




