পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ভাণ্ডারিয়া উপজেলার আমান উল্লাহ কলেজের সামনে ভাণ্ডারিয়া টু কাঁঠালিয়া পাকা সড়কের উপর হতে ট্রাক বোঝাই অবৈধ উপায়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন প্রকার শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করে।
এসময় পুলিশ চোরাচালানে জড়িত গোপালগঞ্জের কোটালিপাড়ার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫) বরিশালের মুলাদী উপজেলার মো. শামীম বেপারী (৪৫) শরিয়তপুরের ডামুড্যা উপজেলার মো. সিয়াম সরদার (১৯)কে গ্রেফতার করে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. জগলুল হাসান বলেন, চোরাচালানকৃত শাড়ি পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে অভিযুক্ত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




