যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মো. ইমরান হোসেন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় ঝিকরগাছা থানার বাদে নাভারণ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলায় ইমরান হোসেন এজাহারনামীয় ৬১ নম্বর আসামি। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারার মধ্যে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং ২৫ডি চেষ্টা, ষড়যন্ত্র, প্রস্তুতি বা সহায়তার বিষয়ে প্রযোজ্য।
গ্রেপ্তারকৃত ইমরান হোসেন বাদে নাভারণ এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার যে-কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে




