নরসিংদীর পলাশ উপজেলা পাঁচদোনা-টঙ্গী সড়কের ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া(৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঘোড়াশালের ময়েজউদ্দিন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার বারারিয়াপাড়ার এলাকার জালাল মিয়ার ছেলে। পেশায় কাঠের দোকানের কর্মচারী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিদেশে যাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। পরে সকাল ৯টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য সেতুর উপর দিয়ে একপাশ দিয়ে হাঁটতে থাকেন তিনি। পরে অন্য এক পথচারীকে সাইড দিতে গিয়ে সড়কের নিরাপত্তা বেষ্টনীর একটু নিচে নেমে দাঁড়ান তিনি। পরে পিছন থেকে একটি কাভার্ডভ্যান সোহেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। এ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় চালক ও কাভার্ডভ্যানের পরিচয় পাওয়া যায়নি।
সোহেলের বাবা জালাল মিয়া জানান, সে বিভিন্ন স্থানে চাকরি করতো। এবার তার স্বপ্ন ছিল বিদেশ যাবার। সব কিছুই ঠিক ছিল, আজ তার ঢাকায় গিয়ে বিদেশ যাত্রার জন্য ফিঙ্গার দেওয়া কথা ছিল। কিন্তু তার স্বপ্ন আর পূরণ হলো না। সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে




