জামায়াতকে দল হিসাবে ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় ৫১০টি পরিবারকে গৃহ নির্মাণে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।
শাহে আলম বলেন, খালেদা জিয়া ২০০১ সালে জামায়াতের ২ নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন, যাতে তাদের রাজাকরের তকমা দূর হয়। জামায়াত এখন সব ভুলে গেছে। এ সরকার জনগণের সরকার, দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতে তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়।
এনসিপি ও জামায়াতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এ বিষয়ে তিনি বলেন, এনসিপি ও জামায়াতর সাথে আওয়ামী লীগের সম্পর্ক পুরনো। ভারতে পলাতক নেতাদের সাথে তাদের যোগাযোগ থাকতে পারে। তাদের পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। এখন তারা দেশে যে আন্দোলন করছে, এটা আওয়ামী লীগকে সহায়তা করার শামিল।
১১ দলীয় জোটের নেতারা সংসদে এক কথা বললেও বাইরে আরেক কথা বলেন। তারা নানারকম অভিনয় করছেন। এনসিপির নেতাদের বয়স কম, অথচ সম্মান দিয়ে, রাজনৈতিক ভাষায় কথা বলেন না। তারেক রহমানকে নিয়ে বিশ্রী ভাষায় কথা বলেন। বিএনপিকে কারো হুমকিতে পরোয়া করেনা।
আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। এবার স্থানীয় নির্বাচনে, উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থী সমর্থন দেবে, যে বিরোধিতা করবে, বিদ্রোহী হবে- তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
তিনি বলেন, যারা গত নির্বাচনে বিএনপির সাথে বেঈমানি করেছে, দলে আর তাদের ঠাঁই হবে না। দলের জন্য যারা দুঃসময়ে কাজ করেছেন তারা ঠিকাদারিসহ বৈধ সবকিছু পাবেন।
প্রতিনিধি/এলএ




