বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মেস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

মেস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর মেস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলায় আবাসিক থাকতেন তিনি। তার বাড়ি গাজীপুর জেলায়।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মেসের অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প ও আড্ডা দিয়েছেন সিনথিয়া। বুধবার সকালে আশপাশের রুমের কয়েকজন তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। তবে বিষয়টি তখন গুরুত্বের সঙ্গে নেননি সহপাঠীরা। ক্যাম্পাস বন্ধ থাকায় সারাদিন কারও সঙ্গে তার দেখা-সাক্ষাৎও হয়নি। বুধবার সন্ধ্যায় মেসের ভাড়া সংক্রান্ত একটি মিটিংয়ের জন্য তাকে আবারও ডাকতে যান অন্যরা। এ সময় ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে মেস মালিককে বিষয়টি জানান তারা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিনথিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে জানতে পারি, একটি মেসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরে প্রো-ভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাই। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তারা আইনগত প্রক্রিয়া অনুসরণ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘একজন ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে। নিহতের স্বজন কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর