বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি

বরিশাল-ঢাকা রুটের আকাশপথে সপ্তাহে সাত দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্মারকলিপি দেওয়া হয়। এটি গ্রহণকালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে মন্ত্রী বরাবর পাঠানোর কথা জানান। 

এ সময় কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক নাছিম উল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৯ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৯ সালে নির্মাণকাজ শুরু হওয়ার পর বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট চালু হয়। ২০২১ সালের ২৬ মার্চ নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা কমতে থাকে। এতে বরিশালসহ আশপাশের এলাকার যাত্রীদের ভোগান্তি বেড়েছে। 

আবেদনে বলা হয়, বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে দুটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছে সংগঠনটি। 

এ ছাড়া যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। এ রুট চালু হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, বরিশাল বিভাগের মানুষের দীর্ঘদিনের বিমান যোগাযোগের চাহিদা বিবেচনায় নিয়মিত ফ্লাইট নিশ্চিত করা প্রয়োজন। এতে বিভাগের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতও উপকৃত হবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর