গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ জন আহত হন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বুধবার সকালে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে কনটেইনারবাহী একটি গাড়ির সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাস (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




