বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা করেছে প্রশাসন। তবে এবারও বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হচ্ছে না বলে জানানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগামী জানুয়ারির ১৭ তারিখ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি এবং ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কাউন্সিল সভার মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়সূচির কারণে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া কঠিন হতে পারে। এ জন্য যে সময়সীমা বা স্লট নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সেগুলো ইতোমধ্যে শেষ হয়ে গেছে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে এপ্রিল-মে মাসের আগে তা আয়োজন করা সম্ভব হবে না। এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম অনেকটা পিছিয়ে যাবে। প্রতিদিন একটি করে ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ভর্তি কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আমরা যদি বিভাগীয় পর্যায়ে যাই, সেক্ষেত্রে আমাদের পরীক্ষা মার্চের শেষের দিকে অথবা এপ্রিলে নিতে হবে। এত পরে অন্যান্য সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার পরে কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া যাবে না। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে কনডাক্ট করলে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে, তাদের একটা ডিমান্ড আছে। সেগুলো দিতে গেলে ফর্মের দাম অনেক বেড়ে যাবে বলেও জানান তিনি।

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে চার বিভাগীয় শহরের চার বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে উপ-কমিটি গঠন করেছিল প্রশাসন। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর