নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সংগ্রামের সোনারগাঁ সংবাদদাতা ও ব্যারিস্টার রাবিয়া ভুঁইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জয়নাল আবেদীন। এ ঘটনায় তার আরও ছয় স্বজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী এলাকায় এ ঘটনা ঘটে।
জয়নাল আবেদীনের অভিযোগ, তার বড় ভাইয়ের সঙ্গে প্রতিবেশী নবীর হোসেনের বাথরুম সংস্কার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে নবীর হোসেনের বিরুদ্ধে এর আগে থানায় একাধিক অভিযোগও করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জয়নাল আবেদীন বলেন, বুধবার সকালে তার বড় ভাই একজন রাজমিস্ত্রিকে নিয়ে ২০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত বাথরুমটি সংস্কার করতে গেলে নবীর হোসেন ও তার লোকজন তার ওপর হামলা চালান। খবর পেয়ে তিনি দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে ঘটনাস্থলে যান। সেখানে কোনো ধরনের উসকানি ছাড়াই লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, হামলায় তার মাথা ও কপালে গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাইদেরও মারধর ও কুপিয়ে আহত করা হয়।
জয়নাল আবেদীন আরও অভিযোগ করেন, এর আগেও নবীর হোসেন তার ভাই ও পরিবারের সদস্যদের ওপর হামলা করেছেন এবং বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলা টিভির অনলাইন ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, সাংবাদিক ও শিক্ষক জয়নাল আবেদীনের ওপর হামলার ঘটনায় তারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযুক্ত নবীর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “আপনি অভিযোগ দিয়ে যান। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিনিধি/এসএস




