বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা
টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে টেবিলে মাথা রেখে এক শিক্ষিকার ঘুমানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি এ ঘটনার ছবি ও ভিডিও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত রোববার (২০ সেপ্টেম্বর) শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নবনিতা সিনহা একটি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা নিজেদের মতো অবস্থান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয় কয়েকজন সাংবাদিক বিদ্যালয়ে গেলে বিষয়টি তাদের নজরে আসে। তারা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট শ্রেণিকক্ষের সামনে অবস্থান করেন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হৈচৈ ও চিৎকারের একপর্যায়ে শিক্ষিকার ঘুম ভাঙে।

বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাস চলাকালে এভাবে ঘুমানো উচিত হয়নি। ক্লাস চলছিল, অথচ তিনি ঘুমাচ্ছিলেন। শিক্ষার্থীরাও তখন চিৎকার-চেঁচামেচি করছিল। তিনি দীর্ঘ সময় ঘুমিয়ে ছিলেন। শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় একজন শিক্ষকের এভাবে ঘুমিয়ে পড়া স্বাভাবিক বিষয় নয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকজন অভিভাবক বলেন, শিশুদের নিয়মিত পাঠদান ও সঠিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশায় তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠান। শ্রেণিকক্ষে শিক্ষক ঘুমিয়ে পড়লে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ বিদ্যালয়ে ছিলেন না বলে জানা গেছে। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুৎ বিল দিতে আদমপুর বাজারে এসেছি।

1000243765

ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষিকা নবনিতা সিনহা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর বলেন, ক্লাসে ঘুমানোর কোনো নিয়ম নেই। কোনো শিক্ষক অসুস্থ হলে তিনি ছুটি নিতে পারেন। ভালো না লাগলেও প্রধান শিক্ষককে জানিয়ে ছুটি নেওয়া যায়। অথচ তিনি সেটা না করে ক্লাসে ঘুমিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, স্কুলে ক্লাস চলাকালে টেবিলে ঘুমানোর কোনো নিয়ম নেই। বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ওই শিক্ষিকাকে ডেকে এনে খতিয়ে দেখা হবে।

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর